ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অর্থনীতি স্থবিরের মুখে দেশের বাণিজ্যেও সংকট তৈরী হয়েছে। এ মুহুর্তে যে সকল ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছেন তারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।
এ সময় তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো। ২২ নভেম্বর মঙ্গলবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত “ জাতীয় রপ্তানি ট্রফি-২০১৮-২০১৯” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্বাচল নতুন শহরের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচীব তপন কান্তি ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন,ফারদিন এক্সেসরিস কোম্পানির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক। এছাড়াও দেশের গন্যমান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ২৯ টি খাতে ৭১টি প্রতিষ্ঠানের ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ১৮টি ব্রোঞ্জ পদক তুলে দেন বাণিজ্য মন্ত্রী ও অতিথিরা।




















