কক্সবাজারের টেকনাফে আলোচিত আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা কারবারীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন ধার্য্য ছিল ২৩ নভেম্বর বুধবার। ওই মামলায় ১০১ জনকে ১ বছর ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ রায় প্রদান করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০২ জন ইয়াবাকারবারী আত্মসমর্পণ করে। আলোচিত এই ইয়াবাকারবারীর বিরুদ্ধে প্রায় চার বছর আগে দায়ের হয় মামলা।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল ১১টা ২০ মিনিটের দিকে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। ১০২ জন আসামীর মধ্যে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে ২০১৯ সালের ৭ আগস্ট মোহাম্মদ রাসেল(২৮) নামে এক আসামী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি ফরিদুল আলম জানান, আদালত ১০১ আসামীর প্রত্যেককে ১ বছর ৬ মাস করে সাজা প্রদান করেছেন। প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এই রায় দৃস্টান্ত স্থাপন করেছেন। ইয়াবা কারবারিদের কাছে কাছে একটা ম্যাসেজ এ রায়। অপর একটি অস্ত্র মামলায় সবাইকে খালাস প্রদান করেছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, আত্মসমর্পনের ওইদিনই (১৬ ফেব্রুয়ারি) আত্মসমর্পণকারী ১০২ জনকে আসামী করে টেকনাফ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়। মামলাটির বাদী হন টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয় টেকনাফ থানার পরিদর্শক(তদন্ত) এবিএমএস দোহাকে। মামলা দায়েরের দিনই সকল আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের আদেশে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।




















