কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইনে ভয়াবহ আগুন লেগেছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টারদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারির নিজস্ব ঘাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে আনুমানিক প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ শাহ আলম।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে জাহাজের ওপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৬০ লাখ টাকা হতে পারে।
কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের এই দুটি পর্যটকবাহী জাহাজ নিজস্ব ঘাট দিয়ে প্রতি বছর টেকনাফ-সেন্টমার্টিন যাতায়াত করতো। কিন্তু এ বছর নাফ নদীর নাব্য সংকট দেখিয়ে সরকার টেকনাফ থেকে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। এ অবস্থায় ঘাটে দাঁড়িয়ে থাকা জাহাজে হঠাৎ আগুন লেগে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের ইনচার্জ শাহ আলম জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিষয়টি আরো খতিয়ে দেখা হবে। আগুনে জাহাজের উপরের অংশ- পার্ল লাউঞ্জ পুরোটাই পুড়ে গেছে। এতে প্রায় ৫০-৬০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।




















