প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণ প্রকল্পের অধীনে ভূমিহীন ও ক্ষতিগ্রস্তদের ঘর দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আশ্রয়ন প্রকল্প-৩ এর একটি ঘর পেয়েছেন শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ভূমিহীন প্রতিবন্ধী হালিমা খাতুন। গত সোমবার বিকেলে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, শৌলপাড়া ইউপি’র চেয়ারম্যান মো. ভাসানী প্রমুখ।
জানাগেছে, হালিমা খাতুনের এক ছেলে এক মেয়ে, ছেলে ঢাকায় থাকেন। নিজেদের কোনো জায়গা জমি না থাকায় অন্যের জায়গায় মেয়েকে নিয়ে থাকতেন এবং গ্রামে মানুষের কাছে হাত পেতে জীবন ধারণ করতেন। শৌলপড়া ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পে তার একটি ভূমিসহ ঘর দেওয়া হয়। ঘর পেয়ে হালিমা খাতুন অনেক খুশি।
হালিমা খাতুন জানান, স্বপ্নেও কখনো ভাবিনি নিজেদের এত সুন্দর একটি বাড়িতে মাথা গোঁজার ঠাঁই হবে। এখন সন্তানদের ও প্রতিবেশীদের কোনো বাসায় রাতে আশ্রয় নেয়ার জন্য যেতে হবে না। এই ঘর পাওয়ার মাধ্যমে আমার নতুন ঠিকানা তৈরি হলো। এই ঠিকানাই এখন হবে আমার পরিচিতি। সন্তানদের পরিচিতি। এই ঘর আমাদের কাছে শুধু মাথা গোঁজার ঠাঁই নয় জীবন বদলে দেওয়ার হাতিয়ার। স্বাধীনভাবে বেঁচে থাকারও তৃপ্তি। হালিমা খাতুনের মতো আরো ১২টি পরিবার আশ্রায়ন প্রকল্পের ঘরে বসবাস করেন কেউ থাকতো শ্বশুরবাড়ি, আবার কেউ থাকতো রাস্তার পাশে, কিন্তু এখন সবারই নিজস্ব ভূমিসহ পাকা বাড়ি রয়েছে। তাদের ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করে দিয়েছেন। হালিমা খাতুন তার ঘরের সামনে জেলা প্রশাসকের দেওয়া একটি কমলা ও একটি পেয়ারা গাছ লাগিয়েছেন।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব অসহায় ভূমিহীনদের ভূমির দলিলসহ পাকা ঘর দিয়ে তাদের জীবন বদলে দিয়েছেন।




















