জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবসময় অনুপ্রেরণা দিতেন। সব খারাপ ও দুঃসময়ে পাশে থেকে সাহস দিতেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধু তার সব কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেন না। তাই বঙ্গমাতা যদি না থাকতেন তাহলে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না।
সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘বঙ্গবন্ধু যেহেতু জীবনের বেশিরভাগ সময়ই জেলখানায় কাটিয়েছন, তাই এই সময়ে তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সব সন্তানকে বঙ্গমাতা আগলে রেখেছেন। মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করেছেন। তাই বঙ্গমাতা না থাকলে আমরা যেমন বঙ্গবন্ধুকে পেতাম না, তেমনি তিনি না থাকলে আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও পেতাম না। ‘
নারী মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নারী মুক্তিযোদ্ধারা দেশের জন্য অপরিসীম দেশপ্রেম দেখিয়েছেন। নিজের জীবন বাজি রেখেছেন, দেশের জন্য নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই তাদের এই ঋণ যেমন শোধ করা সম্ভব না। ‘
বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ১৫ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।




















