বগুড়ায় অবৈধভাবে মজুদ করা ২ হাজার ৫৬৮ টন ধান জব্দ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদরের মানিক চকে মেঘনা গ্রুপের নির্মাণাধীন রাইস মিল থেকে এসব ধান জব্দ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, খাদ্য নিয়ন্ত্রক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিলেন।
অবৈধভাবে ধান মজুদ করায় মেঘনা গ্রুপের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও জানান বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফউদ্দিন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বগুড়া সদর উপজেলার মানিক চক এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডের নির্মাণাধীন অটো রাইস মিলে অবৈধভাবে ধান মজুদের অভিযোগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে তারা ১৩৭ ট্রাকে ৩৪ হাজার ২৫০ বস্তায় সর্বমোট ২ হাজার ৫৬৮ মেট্রিক টন ধানের অবৈধ মজুদের সত্যতা পান। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক এবং ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফউদ্দিন বলেন, ধান মজুদ, মিল চালু, পাইকারি বা খুচরা এমনকি আমদানিকারকের কোনো লাইসেন্স না থাকার কারণে মিলে অবৈধভাবে মজুদ দুই হাজার ৫৬৮ মেট্রিক টন ধান জব্দ করা হয়। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করবেন।
তবে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।




















