কক্সবাজার নাগরিক ফোরামের সভায় বক্তারা বলেছেন শহরের বর্জ্য দিয়ে ভরাট করার ফলে বাকঁখালী নদী একদিকে মারাত্মক ভাবে দুষিত হচ্ছে অন্যদিকে অবৈধভাবে দখল করা হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীতে নিচিহ্ন হয়ে যাবে জেলার প্রধান এই নদী। তাই বাকঁখালীর দুষণ ও দখল রোধে সকলকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত পাহাড়,নদী,সৈকত ও মাদকের ভয়াবাহতার প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুুরুল আবছার চেয়ারম্যান।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী। সহ সভাপতি এডভোকেট আব্দুর রহিম, মহা সচিব এ,এম আনোয়ারুল হক, সাংবাদিক সামশুল হক সারেক, সহ সম্পাদক ও জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, সহ সভাপতি মোর্শেদুর রহমান খোকন,নির্বাহী সদস্য সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, এডভোকেট আবুল কালাম,বিচ টিভির প্রধান মোঃ সোহেল এবং নাগরিক ফোরামের ঈদগাহ উপজেলা আহ্বায়ক কামরুল আহসান বাবু প্রমুখ।
উল্লেখ্য, বাঁকখালীর দক্ষিণের তীর ঘেঁষে ৬নং জেটিঘাট, কস্তুরাঘাট, নুর পাড়া, নুনিয়ারছড়া, টেকপাড়া ও মাঝির ঘাট এলাকায় প্রায় শ’ একর বাঁকখালীর তীর অবৈধ দখলে রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা যায়। এসব অবৈধ বাঁকখালীর তীর দখলকারীদের বিরুদ্ধে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ না করে উপরন্তু নতুন করে বাঁকখালী দখলে মেতে উঠায় স্থানীয়দের ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের।
বাঁকখালীকে দখল প্রক্রিয়া থেকে মুক্ত করতে গত ২০১৪ সনের ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। বাঁকখালী দখলকারীদের তালিকা তৈরি করে উচ্ছেদ এবং দুষণের উৎস চিহ্নিত করে তা বন্ধের নির্দেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ওইসময় ১০ সরকারি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছিল যেন কোন কারণে বাঁকখালী নদী ভরাট না হয় তার যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।
সচেতন মহলের দাবি, শীঘ্রই যদি বাঁকখালীকে বর্জ্য দিয়ে ভরাট এবং অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হয় তবে দ্রুত বাঁকখালী তার নাব্যতা হারাবে এবং জেলার ঐতিহ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।




















