‘এগ্রোমেটেওরোলজির মাধ্যমে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাসকে কাজে লাগাতে সমর্থ হবেন। এতে কৃষিতে উৎপাদন বৃদ্ধি পাবে।’ প্রতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করে কৃষিতে উৎপাদন বাড়াতে এগ্রোমেটেওরোলজির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।’
সোমবার (০২ জানুয়ারি) কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এগ্রোমেটেওরোলজি বিভাগের পাঠ্যক্রম উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় সম্মেলন কক্ষে এগ্রোমেটেওরোলজি বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানা যায়, প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির আওতায় বাকৃবিতে কৃষি অনুষদের অধীনে ‘এগ্রোমেটেওরোলজি’ নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। স্নাতকোত্তর পর্যায়ে কোর্স চালুর মাধ্যমে ওই বিভাগের কার্যক্রম শুরু হবে। কর্মশালায় এগ্রোমেটেওরোলজি বিভাগের কোর্স পদ্ধতি ও কোসের্র পাঠ্যসূচি প্রণয়নের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়।
এগ্রোমেটেওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে ওই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজিজুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আশরাফ উদ্দিন এবং কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. শাহ কামাল খান। এসময় বিভিন্ন অনুষদের প্রায় শতাধিক শিক্ষক ও গবেষক
উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খান বলেন, এই প্রকল্পের আওতায় এগ্রোমেটেওরোলজি বিভাগ দক্ষ জনবল তৈরীতে কাজ করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে কাজ করবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় পরিবেশ সাংবাদিকতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।




















