অর্ধযুগ পর অর্থাৎ ২০১৭ সনের পর পুরো কক্সবাজারে বাড়ানো হয়েছে সরকারি মৌজা রেইট। ২০১৭ সনের মৌজা রেইট অস্বাভাবিক বৃদ্ধি কারণে জমি হস্তান্তরে ধস নামে। তাই বিগত সময়গুলোতে আর বাড়ানো হয়নি এই মৌজা রেইট। গত ১লা জানুয়ারি থেকে গড় ভিত্তিক এই মৌজা রেইট জেলার ৮টি উপজেলার সাব-রেজিষ্ট্রী অফিসগুলোতে কার্যকর হয়। যে মৌজা রেইটের সংখ্যা নির্ধারণ দিয়েই সংশ্লিষ্ট রেজিষ্ট্রী অফিসে ক্রেতা-বিক্রেতাদের জমি হস্তান্তর করতে হবে।
নিবন্ধন অধিদপ্তরের মহা-পরিদর্শক শহীদুল আলম ঝিনুক স্বাক্ষরিত এক পরিপত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ খ্রিষ্টাব্দ সনের জন্য সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে। এই বাজারমূল্য ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়। যা পরবর্তী ২ বৎসর পর্যন্ত চলবে। উক্ত বাজারমূল্যে দলিল রেজিষ্ট্রীর জন্য বলা হয়েছে নিবন্ধন অধিদপ্তর থেকে। ওই পরিপত্রে আরও জানানো হয়, প্রস্তুতকৃত বাজারমূল্য সম্পর্কে কোন আপত্তি থাকলে সংশ্লিষ্ট জেলার বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য/মহা-পরিদর্শক, নিবন্ধনের বরাবর পূনঃ বিবেচনার জন্য আবেদন করা যাবে।
সদর সাব-রেজিষ্ট্রার অফিস জানিয়েছেন, বাজারমূল্য বিধিমালা এস.আর.ও নং-১২০ আইন/২০১০, এস.আর.ও নং-৩৩১ আইন/২০১২ এবং এস.আর.ও নং-৩২৫ আইন/২০১৫ মোতাবেক কক্সবাজার সদর সাব-রেজিষ্ট্রার অফিসের স্থানীয় অধিক্ষেত্রের জমির ০১/০১/২০২১ ইং হইতে ৩১/১০/২০২২ ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র রেজিষ্ট্রীকৃত সাফ-কবলা দলিলের শ্রেণীভেদে জমির পরিমাণ এবং মূল্যের উপর গড় করে বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে। উক্ত বিধিমালা অনুসারে যেসব মৌজায় কোন ক্রয়-বিক্রয় নাই সেসব মৌজায় পূর্ববর্তী বৎসরের মূল্য হিসেবে গ্রহণ করে অপরিবর্তিত রাখা হয়েছে।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোছাইন জানান, জেলায় সর্বশেষ সরকারিভাবে জমির মূল্য নির্ধারিত হয় ২০১৬ সালে। এরপর বিগত ২০১৭-২০১৮ সনেও পূর্বের মৌজা রেইট বলবৎ রাখে জেলা রেজিষ্ট্রেশন কার্যালয়। অতিরিক্ত মৌজা রেইটের কারণে ভূমি রেজিস্ট্রেশন কমে আসলে বিগত ২০১৭-২০১৮ সনের মৌজা রেইটও বলবৎ রাখে পরের ২০১৯-২০২০ সনে। ওই সরকারি মূল্য দিয়ে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম চললেও বাজার ভাউ মূল্যের চেয়েও বেশি হওয়ায় জমি নিবন্ধন কমে আসে। তাই বিগত ২০১৯-২০২০ সনের মৌজা রেইট বলবৎ রেখে ২০২১ ও ২০২২ সনের জন্যও বহাল রাখে নিবন্ধন অধিদপ্তর। যা এই বৎসর পরিবর্তন এসেছে। বেড়েছে কিছু কিছু মৌজার শ্রেণী ভিত্তিক সরকারি মৌজা রেইট। জেলার ৮টি উপজেলার প্রতিটি মৌজায় তুলনামূলকহারে বেড়েছে এই মৌজা রেইট। কিছু ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বিগত বছরগুলোতে যেভাবে অতিরিক্ত বাড়ানো হয়েছিল ২০২৩-২০২৪ সনের জন্য সেভাবে বৃদ্ধি হয়নি। আশা করছি বর্তমান মৌজা রেইট দিয়ে রেজিস্ট্রেশন খচর নির্বাহ করা জনসাধারণের সামঞ্জস্যের মধ্যে থাকবে।




















