সয়াবিন তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে সাতক্ষীরার কৃষক। জেলায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন হয়েছে।
আমন ধান ওঠার পর থেকে বোরো ধান চাষের আগ পর্যন্ত জমি পতিত থাকে। এ সময় কৃষক জমিতে শাক সবজি চাষ করেন বাড়তি আয়ের জন্য। কিন্তু গত দুবছর হলো পতিত জমিতে জেলার অধিকাংশ কৃষক সরিষা আবাদ করছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আবহাওয়া সরিষা চাষের উপযোগী এবং সরিষা চাষে কম খরচ এবং গত দুই বছর হলো এর বাজার মূল্য ভালো থাকায় কৃষক সরিষা আবাদে আগ্রহী হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণে অনেকে সরিষা তেলের প্রতি আগ্রহী হচ্ছেন।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। এই জেলার মাটি ও আবহাওয়া শস্য চাষের জন্য খুবই উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর সাতক্ষীরা জেলায় সরিষা চাষের লক্ষামাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজর হেক্টর জমিতে। চাষ করা হয়েছে ১৩ হাজর ৮৪০ হেক্টর জমিতে। জেলার তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলাসহ অনন্য উপজেলায় সরিষা আবাদ ভালো হয়েছে। ফুল ও ফলও ধরেছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষক।
সাতক্ষীরার তালা উপজেলার সরিষা চাষী মোহাম্মদ মতিয়ার রহমান মোড়ল ও মোহাম্মদ কাউসার গাইন জানান, অল্প সময়ে কোনো প্রকার দুর্যোগ ও রোগবালাই না থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে এ বছর সরিষা চাষে আগ্রহী হয়েছে সাতক্ষীরা চাষীরা।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন জানান, ভোজ্য তেলের ঘাটতি পূরণের লক্ষে কৃষকদের সরিষা চাষে উৎসাহ প্রদান করতে সরকারিভাবে সরিষা বীজ সহায়তা, প্রনদনা ও নানামুখি প্রকল্প গ্রহণ করা হয়েছে।




















