ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক হেভিওয়েট প্রার্থী এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি ওই উপনির্বাচনে আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন।
বুধবার (১৮ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য।
১৬ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধাকে সিংহ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ১৭ জানুয়ারি তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই প্রতীক বদলে আপেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মৃধার ছেলে বিদ্যুৎ মৃধা বলেন, আমার বাবা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর বেশি কিছু বলতে পারবো না। বিস্তারিত বিবৃতিতে উল্লেখ আছে।’
এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা তার পাঠানো বিবৃতিতে লিখেন, আমি দীর্ঘদিন যাবত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান পদে থেকে দুবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বহুমুখী উন্নয়নের ধারায় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। তবে আসন্ন উপ-নির্বাচন পরবর্তী সংসদীয় মেয়াদকাল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য খুব সংক্ষিপ্ত সময়। এ সময়ের মধ্যে উন্নয়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করতে পারি না। তাই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে আমি স্বেচ্ছায় সরে দাঁড়ালাম।
এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জিয়াউল হক মৃধার মোবাইল ফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি আসন্ন (সরাইল-আশুগঞ্জ) উপ-নির্বাচনে তিনি আপেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করার কথা ছিল। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভুইয়া (স্বতন্ত্র প্রার্থী), আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) আবু আসিফ আহমেদ (স্বতন্ত্র প্রার্থী) ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী প্রার্থী হিসেবে রয়েছেন।
গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। এতে এ আসনটি শূন্য হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




















