মেধাবী এক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে কার্যালয়ে গণশুনানিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার ভর্তির ব্যবস্থা করেন।
ভর্তির ব্যবস্থা হওয়া শিক্ষর্থীর নাম শামসুন্নাহার চয়নিকা। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো বাঁটরা গ্রামের রেজাউল করিমের বড় মেয়ে তিনি। চয়নিকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
শামসুন্নাহার চয়নিকা বলেন, আমি ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি। বর্তমানে আমি ২১-২২ সেশনে ভর্তি পরিক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছি।
তিনি বলেন, বাবা একজন বর্গাচাষী। আমরা তিন বোন। আমার মেঝ বোন সামিহা অষ্টম ও ছোট বোন লামিয়া প্রথম শ্রেণিতে পড়ে। বাবার আর্থিক অবস্থা খারাপ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা যোগাড় করতে পারিনি।
শামসুন্নাহার চয়নিকা আরও বলেন, আমি আজ জেলা প্রশাসক স্যারের গণশুনানিতে ভর্তির টাকা যোগাড় করতে না পারার কথা বলি। জেলা প্রশাসক স্যার আমার ভর্তির জন্য ১৭ হাজার টাকা দিয়েছেন।




















