জামালপুরের সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর মডেল মসজিদ উদ্বোধনের অনুষ্ঠানে প্রকৌশলী মাসুদুর জনি কে মারধর করে এমপি মুরাদ হাসান এর কর্মীসমর্থকরা। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের বকুলতলা চত্বরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে প্রকৌশলী জনির এলাকাবাসী। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জাবের আলী, মোহাম্মদ রাকিব, মোঃ সৌরভ, সাইফুল ও উসমান গনি প্রমুখ। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জানা গেছে, গত ১৬ ই জানুয়ারি সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরিষাবাড়ী মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় এমপি ডাক্তার মুরাদ হাসান। সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলকটি প্রকল্পের স্বার্থে ভেঙ্গে ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান। এমপি মুরাদ হাসান এর নাম ফলক না থাকায় ক্ষিপ্ত হয়ে তার অনুসারিরা মারধর করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মাসুদুর রহমান জনি কে।




















