বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, শান্তির বাণী ছড়াতে নোয়াখালীতে এসেছিলেন মহাত্মা গান্ধী। তিনি অনেকগুলো গ্রামে ঘুরেছেন। সেখানে মানুষের মাঝে অহিংস নীতি প্রচার করেছেন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রণয় কুমার ভার্মা আরও বলেন, ‘হিন্দু মুসলমানের রক্ত এক ও অভিন্ন’ এই বাণী তিনি প্রচার করেছেন। সারাবিশ্বে আজ অহিংস বাণী প্রচার হচ্ছে। বর্তমান বিশ্বে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর অহিংসনীতি বাস্তবায়ন করতে হবে।
এর আগে সকালে আমন্ত্রিত অতিথিসহ গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে গান্ধী স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বালন এবং সর্ব ধর্মীয় প্রার্থনা করা হয়। ধর্মীয় প্রার্থনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন গান্ধী আশ্রম ট্রাস্টের শিল্পীবৃন্দ।
গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় ও ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব.) এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম. ইব্রাহিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।




















