আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বিএনপিতে কোনো ড্রাইভার নেই। নির্বাচনে না আসলে এবার কবরে চলে যাবে বিএনপি।
শনিবার দুপুরে ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ হোসেন বলেন, সাপ কিন্তু সোজা হয়ে গর্তে যায়। বিএনপি হচ্ছে বিষধর সাপ। ওই সাপের দাঁত আমরা ভেঙে দিব। বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, কি মনে করেছ তোমরা; আওয়ামী লীগ ক্ষেপলে কী হয় তা তোমাদের বাপ-দাদাদের জিজ্ঞেস করো।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার এই শান্তি সমাবেশ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ।




















