মোহাম্মদপুরের লাউতলা-রামচন্দ্রপুর খালপাড়ের অবৈধ স্থাপনা ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে আপনারা সরিয়ে নেবেন। নিজেরা না সরালে আমরা বুলডোজার দিয়ে সেই স্থাপনা ভেঙে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তরের মেয়র বলেন, খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানো হয়েছে। যে সীমানা নির্ধারণ করা হয়েছে, খালপাড়ের এই সীমানার বাইরেও তারা অবৈধভাবে স্থাপনা করছে। আজকে আমরা ভাঙতাম, যেহেতু ওনারা বলেছেন ভেতরে প্রচুর পশু রয়েছে, এই পশুদের সরানো চ্যালেঞ্জিং হবে। পশুগুলোও আমাদের সম্পদ তাই এর ক্ষতি করা ঠিক হবে না।
আমি তাদের ১৫ দিন সময় দিয়েছি। এর পরে আমরা কঠোর ব্যবস্থা নেব। তিনি বলেন, ৩৩ নম্বর ওয়ার্ডে প্রচুর গরুর খামারি ব্যবসা করছেন। কিন্তু দুঃখজনক হলো খামারগুলোর সব বর্জ্য খালে ফেলা হচ্ছে। আপনারা দেখেছেন খালটি উদ্ধারের পর আমি গত বছর এই রামচন্দ্রপুর খাল পরিষ্কার করে দিয়েছিলাম। এটি আবার গো-বর্জ্য এবং অন্যান্য বর্জ্য দিয়ে ভর্তি হয়ে গেছে। ওনারা মনে করেছেন এরকমভাবেই চলবে। অবশ্যই পরিবেশকে মাথায় রেখে ব্যবসা করতে হবে। আতিকুল ইসলাম আরও বলেন, রামচন্দ্রপুর খাল একটি ঐতিহাসিক খাল ছিল। আমরা সেটি উদ্ধার করেছি। ময়লার কারণে খালটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখানে মাছের নয়, মশার চাষ হচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, খামারের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করতে পারলে অন্য জায়গায় এই খামার স্থানান্তর করতে হবে। খালের সীমানার মধ্যে যে স্থাপনা আছে, তা অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, খামারের গো-বর্জ্য ইটিপি ট্রিটমেন্ট করেই কেবল খালে ফেলা যাবে। পরিবেশের জন্য ক্ষতিকর এমন কাজকে আমি পারমিশন দেব না। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, রাজধানীর বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী ঢাকার আশপাশের ইটভাটা। গবেষণা অনুসারে শুষ্ক মৌসুমে ঢাকা শহরের বায়ুদূষণের জন্য ইটভাটা ৫৮ শতাংশ দায়ী। এছাড়া সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলা দিয়ে ১৮ শতাংশ, যানবাহনের জন্য ১০ শতাংশ, বিভিন্ন জিনিসপত্র পোড়ানোর জন্য ৮ শতাংশ ও অন্যান্য কারণে ৬ শতাংশ বায়ু দূষিত হচ্ছে।




















