আগামী সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি পালন করছে। কিন্তু আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে পুলিশ এর মোকাবিলা করবে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ সব কথা বলেন পুলিশ প্রধান।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে। অতীত অভিজ্ঞতা, অর্জিত সক্ষমতা ও দক্ষতা দিয়ে আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত থাকবে।’
এ সময় জঙ্গিবাদ দমন প্রসঙ্গে আইজিপি বলেন, ‘বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী যে কোনো ধরনের জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। জঙ্গিরা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমরা তা দমন করে ফেলি। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। পুলিশ জঙ্গিবাদ দমনে সফল। জঙ্গিরা যত পরিকল্পনা করুক না কেন, পুলিশ তা প্রতিহত করতে একদাপ এগিয়ে থাকে। জঙ্গিবাদ দমনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
বিকেল ৪টায় কুমিল্লার পুলিশ লাইন্স মাঠে বেলুন, পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় কুমিল্লা জেলার প্রতিটি উপজেলার পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেয়। ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, বালিশ প্রতিযোগিতা, হাড়িভাঙাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় জেলা পুলিশ সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সাপের খেলা ও বানর নাচ দেখানো হয়। আগত অতিথিদের জন্য বিভিন্ন ধরণের খাবারের স্টল বসানো হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।




















