নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর ও মারধারের মামলার প্রধান আসামি সাহাব উদ্দিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) বিভাগ।
সাহাব উদ্দিন, এস.জে ট্রেডার্সের মালিক।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনায় পরপরই ৪ জনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৮ জানুয়ারি বেলা পৌনে ৪টার দিকে নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালকের ৪১০ নম্বর কক্ষে এই হামলা হয়। এ সময় প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন ঠিকাদাররা।




















