বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে ভুমিহীন হরিজন জনগোষ্ঠীর ৩০পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চিলমারী উপজেলা শাখার সভাপতি মুনি লাল বাসপোর,সাধারন সম্পাদক নেমু লাল বাসপোর,জয় লাল,রাজু বাসপোর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ৩০টি পরিবার দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে আসছি। আমাদের বসবাসের জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। স্থায়ী কোন আবাসন নেই। আমরা শীতকালে ও ঝড় বৃষ্টির সময় অনেক কষ্টে দিন যাপন করে আসছি। স্থায়ী আবাস স্থলের জন্য সরকারের নিকট জোড় দাবী জানাচ্ছি। মানববন্ধন শেষে স্থায়ী আবাসনের দাবীতে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের হাতে তুলে দেন তারা।




















