সুন্দরবনের মনমুগ্ধকর অপরুপ দৃশ্য উপভোগ করার লক্ষ্যে সুন্দরবনে ঘুরতে এসে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন। গত শুক্রবার যশোর জেলা থেকে ১০ জন পর্যটক ট্রলার যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ করতে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে, পথ ভূলে সুন্দরবনের গহীন খালের মধ্যে ঢুকে পড়েন। পরবর্তীতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ফলে বোটে থাকা পর্যটকেরা আতঙ্কিত হয়ে সফরকারী অন্য বোটে অবস্থানকারী পর্যটকদের সাথে যোগাযোগ করলে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেনকে বিষয়টি জানান।
ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২ টি টিম, সাংবাদিক সহ ট্যুরিস্ট পুলিশের ২ টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বারের ১ টি টিম, বোট মালিকের অন্য ১টি টিম সহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে প্রায় ৫ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টার সময় উদ্ধার করেন। আগত পর্যটকেরা উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধারের কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















