চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার বিরুদ্ধে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতব্যাপী ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে ৪ মামলায় মোট সাড়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, রাতের আঁধারে উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিয়ার পাড়া, ২নং ওয়ার্ডের বাইয়ার পাড়া, ৫নং ওয়ার্ডের তেলিবিলা এবং পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবৈধভাবে জমির টপ সয়েল ও টিলা কাটছিল প্রভাবশালীরা। খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে চরম্বার জামাল উদ্দিন কোম্পানীকে ৪ লাখ টাকা,ইয়াসিন আরাফাতকে ৪ লাখ টাকা, ছেনুয়ারা বেগমকে ৫০হাজার টাকা এবং নিখিল দাশ বাবুকে ১ লাখ টাকাসহ মোট ৪ মামলায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ (প্রকাশ আর্মি হারুন), চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, থানার এসআই শরীফুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদের সিএ মুহাম্মদ রুবেলসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সাথে ছিলেন।






















