রাজধানীর ডেমরায় চাচা ভাতিজার জমি বন্টনের মিমাংসা করতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে মো. বাকি বিল্লাহ (৪০) নামে এক ব্যবসায়ী বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুবৃর্ত্তরা ওই ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে প্রথমে কিল ঘুষি মারার পর ইট—রড দিয়ে শরীর ও মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে রোববার দিনগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ৫ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। গত ৬ ফেব্রুয়ারী বিকালে কোদালদোয়া মাদ্রাসার পাশে বন্টন করা জমিতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় গুরুতর রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী বাকি বিল্লাহকে এলাকাবাসীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্তরা হলেন—ডেমরার পশ্চিম সানাড় পাড় এলাকার মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৪০), একই এলাকার মো. আবুল কাশেমর ছেলে মো. সোহেল (৩৪), সানাড় পাড় লন্ডন মার্কেট এলাকার ফজর আলীর ছেলে মো. ইউসুফ (৪৫), কোদালদোয়া এলাকার মো. ইকবাল (৪০) ও অজ্ঞাত মো. রমজান (৩৬)। তবে এ ঘটনায় পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন গত ৬ ফেব্রুয়ারী কোদালদোয়া এলাকায় মো.সিরাজ পেদা ও তার ভাতিজা মো. ওয়াসিমের কাছ থেকে খবর পেয়ে তাদের জমিতে বন্টনের মিমাংসা করতে আসেন বাকি বিল্লাহ। এ সময় ওই অভিযুক্তরা অতর্কিতে বাকি বিল্লাহর ওপর আক্রম করে। এ ঘটনায় বাকি বিল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় দুবৃর্ত্তরা ওই ব্যবসায়ীর নগদ ১২ হাজার টাকা ও ১ ভরি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।




















