ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আনন্দমোহন কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই উপলক্ষে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-আনন্দমোহন কলেজের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো: বাহারুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফছার, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল, যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ইসলামসহ প্রমুখ।
আলোচনা শেষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এরপর দুপুরে কলেজ মসজিদে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে কলেজ প্রাঙ্গণের শহীদ বেদীতে ৫২ এর ভাষা আন্দোলনের অংশগ্রহণকারী সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ্সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।




















