প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা বাছাই কমিটি জেলা থেকে বিভাগীয়, আটটি বিভাগ থেকে দীর্ঘ এক মাস বাছাইয়ের পর সোমবার আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
মোহাম্মদ আলী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দাউদকান্দি উপজেলা ১৭৭টি প্রাথমিক বিদ্যসলয়ে ল্যাপটপ ও শিশুদের আনন্দের সঙ্গে পাঠদানের ব্যবস্থা করেন। প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষককে বঙ্গবন্ধু জাদুঘর ও জাতীয় সংসদ এবং সমরাস্ত্র জাদুঘর শিক্ষা সফর নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। দুইবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জনগণের পাশে থেকে কাজ করছেন। জনসেবা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়। করোনাকালীন জনগণের কাছে গিয়ে করোনা প্রতিরোধে তিনি সাহসী ভূমিকা রেখেছেন।

দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন বীরত্বগাথা অবদানের জন্য তিনি চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, ‘এ গৌরব আমার একার নয়, আমার প্রাণপ্রিয় দাউদকান্দিবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি দেশসেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসীর সেবা করে যাব ইনশাআল্লাহ।’




















