প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ প্রদান ও ঘুষ গ্রহণের অভিযোগে প্রধান শিক্ষক ও পৌর মেয়রসহ ২২ জনের নামে মামলা করেছে দুদক। গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে কুষ্টিয়ার একটি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় কুমারখালী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুনসহ ২২ শিক্ষক-কর্মচারীকে আসামি করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আমার নামে মামলা হয়েছে কি না তা আমি জানি না।
কুমারখালী পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সামছুজ্জামান অরুন জানান, মামলা হলেই তো হবে না। এর সারবস্তু থাকতে হবে। আমি সভাপতি থাকাকালীন সময়ে কোনো অন্যায় করিনি, আমার দ্বারা কোনো অন্যায় সম্ভবও হয়নি।
জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয় কার্যালয়ে সহকারী পরিচালক নীলকমল পাল বলেন, মামলা হয়েছে। আইনগতভাবে এর কার্যক্রম চলবে।




















