“১৫ বছরে আমরা যা করেছি ৫০ বছরেও এগুলো কোনো সরকার করতে পারবে না। আজ আমরা হরিরামপুরে নদী ভাঙন রোধে বাঁধের ব্যবস্থা করেছি।শতভাগ বিদ্যুতায়ন করেছি, স্কুল কলেজের ভবন, রাস্তা ঘাটে কালভার্ট, ব্রিজ করেছি। রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা আমাদের হাত দিয়ে এই এরিয়ায় এগুলো করিয়েছেন। সারা বিশ্বে যেখানে অর্থনৈতিক মন্দা অবস্থায় হিমশিম খাচ্ছে, সেখানে আজ আমাদের দেশের সরকার কোটি কোটি টাকা ব্যয় করে নদী শাসনের জন্য বরাদ্দ দিচ্ছে। সরকারের এই কথা কি আমরা মনে রাখব না? আমার বিশ্বাস এবং আস্থা আছে, আগামী নির্বাচনে হরিরামপুরের মানুষ নৌকার বাইরে ভোট দিবে না, শেখ হাসিনার বাইরে ভোট দিবে না। কারণ নদী ভাঙনের ফলে এই এলাকার মানুষের যে হাহাকার ছিল তা আমি নিজে দেখেছি।”
বুধবার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পদ্মা নদীর করাল গ্রাস থেকে রক্ষাকল্পে Flood and Riverbank Erosion Risk Managment Investment program (project-2) শীর্ষক প্রকল্প এর আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ বিভাগের অধীনে রামকৃষ্ণপুর ও গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় ৪ কিলোমিটার স্থায়ীবাঁধ নির্মাণের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-২ আসনের সংসদ মমতাজ বেগম এ কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে এই বাঁধ সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও রাস্তাঘাট যেখানে যা বাকি আছে সবই হয়ে যাবে ইনশাল্লাহ। শেখ হাসিনা বলেন, আমার দেশের মানুষ ভিক্ষুক থাকবে না। এই বাঙালি জাতি কাজ করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে।
আগামী নির্বাচন নিয়ে বলেন, যদি দলীয় প্রধান শেখ হাসিনা আমাকে নৌকা দেন, আমি কিন্তু নৌকার বাইরে গিয়ে কিছু করব না এবং নৌকার বাইরে কোনোদিন যাব না। যদি নৌকা নিয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ পাই, আপনারা নৌকার সাথেই থাকবেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল বাপাউবোর প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্যসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




















