গাজীপুর মহানগরের টঙ্গীতে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক ২০২৩ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে চলে এ অনুষ্ঠান।
এ উপলক্ষে বিভিন্ন সাজে সেজেছিল প্রতিষ্ঠানটি। বিকালে গভর্ণিং বডির সভাপতি, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান। এতে শিক্ষক রতন কুমার ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, গভর্ণিং বডির সদস্য ওসমান আলী, সহকারি প্রধান শিক্ষক (দিবা) মজিবুর রহমান ও (প্রভাতী) আব্বাস আলী, পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলা উদ্দিন মিয়া, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, সাবেক কমিশনার নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুকুল সরকার, আজহারুল ইসলাম বেপারী সহ প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপরে স্কুল ও কলেজ শাখার ক্ষুদে শিক্ষার্থীদের সমন্বয়ে রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, অতিথিবৃন্দ ও এলাকাবাসীদের অংশ গ্রহণে এক আনন্দঘন উৎসবমূখর পরিবেশে রূপ নেয়।




















