প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রফতানি আয় বাড়াতে পণ্য বহুমুখীকরণ ও নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন। সোমবার, ২০ মার্চ গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, পণ্য রফতানি কয়েকটার মধ্যে ধরে থাকব, সেটা না। পণ্য বহুমুখীকরণ, কোন দেশে কোনটা প্রয়োজন আমরা সেটা উৎপাদন করব এবং রফতানি করব। বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে হবে, বহু দেশ আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য এখন নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি। ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে। এর চাহিদাটাও বাড়ছে।
সরকার প্রধান বলেন, আমাদের এখানে বিনিয়োগও আসছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, হালকা, ভারী শিল্প, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে।
তিনি আরও বলেন, খাদ্যপণ্য রফতানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দেশ আমার কাছ থেকে খাদ্যপণ্য নিতে চাচ্ছে। ইউক্রেন যুদ্ধের খারাপ দিকের সঙ্গে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। ওই জায়গাটা আমাদের ধরা দরকার।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























