ময়মনসিংহ নগরীর গৃহস্থালির বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এই লক্ষ্যে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) নামের একটি এনজিও’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।
রোববার (২ এপ্রিল) দুপুরে সিটি করপোরেশনের শহিদ শাহাবুদ্দীন মিলনায়তনে মসিকের পক্ষে মেয়র মো. ইকরামুল হক টিটু এবং গ্রামাউস এর পক্ষে নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক সমঝোতা স্মারকে সই করেন।
এই প্রকল্পের আওতায় গ্রামাউস ময়মনসিংহ সিটি করপোরেশন নির্মিত আকুয়ার কম্পোস্ট প্ল্যান্টে দৈনিক প্রায় ২০ টন গৃহস্থালী বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রিজম ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। তারা ৮ থেকে ১০ মাসের মধ্যে কাজ শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবটিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মানব বর্জ্যকেও ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার তৈরি করা হচ্ছে। আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্য ঝুঁকি মুক্ত ময়মনসিংহ নগরী গড়ে তোলা।
তিনি আরও বলেন, ময়মনসিংহ শহর ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বেশ কিছু সফলতা অর্জন করেছে। রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তবে সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সফলতার জন্য সব নাগরিকের সচেতনতা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন।চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোহাব্বত আলী ও গ্রামাউস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।




















