সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা নামে পরিচিত ভূট্টার একটি নতুন জাত উদ্ভাবন করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। উচ্চমানের সুগার, প্রোটিন সমৃদ্ধ ও ক্যানসার প্রতিরোধ গুণাবলী সম্পন্ন মিষ্টি এই ভুট্টা দেশের প্রোটিন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এন্টোমলজি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. রুহুল আমিন জানান, ২০১৪ সালে তিনি কোরিয়া থেকে মিষ্টি ভুট্টার মাত্র ১৪টি ইনব্রিড বীজ এনে প্রবর্তনের জন্য টবে চাষ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে বীজের চাষ করে দেখা গেছে এ দেশের আবহাওয়ায় এটি অভিযোজিত হয়েছে এবং ইতিবাচক ফলনও পাওয়া গেছে। পরে এর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ‘বিইউ মিষ্টি ভূট্টা’ নামে এই জাতটি চার বছর গবেষণা মাঠে চাষ করে দেশিয় উপযোগী ও উচ্চ ফলন দেখেন তারা। বর্তমানে প্রবর্তন প্রক্রিয়ায় মিষ্টি ভুট্টার একটি জাত হিসেবে আবমুক্ত হওয়ার প্রক্রিয়াধীন।




















