বাংলাদেশে ইতিহাস গড়েছে পায়রা সমুদ্র বন্দর। এইবার এই বন্দরেই সবচেয়ে বেশি পরিমাণ কয়লা নিয়ে ইনার আনকোরেজে ভিড়েছে ‘মেসিনিয়ান স্পায়ার’ নামের একটি জাহাজ।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাহামার পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার আনকোরেজ এসে পৌঁছায়। আগামীকাল মঙ্গলবার জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে। ১০.২০ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ১৯০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। বিয়ষটি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি।
পায়রা বন্দর সূত্রে জানা যায়, প্রায় ১ সপ্তাহ আগে জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। আজ (সোমবার) বিকেলে বন্দরের আউটার থেকে ইনার আনকোরেজে নিয়ে আসেন পায়রা বন্দরের পাইলট আলী ইয়াকুব আলম। বাংলাদেশে এই প্রথম ৪০ হাজার ৯৫০ মেট্রিন মাল নিয়ে ইনার আনকোরেজে ভিড়লো কোনো জাহাজ।
পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বাংলাদেশের যে কোনো বন্দরের থেকে আমাদের বন্দরের গভীরতা এখন বেশি। দেশের ইতিহাসে কোনো বন্দরের ইনার আনকোরেজে ৪০ হাজার ৯৫০ মেট্রিক টন মাল নিয়ে ঢুকতে পারেনি। আজ বন্দরের ইনারে বাহামার পতাকাবাহী এ জাহাজটি ভিড়েছে। আগামীকাল থেকেই এটির মাল খালাস কার্যক্রম শুরু হবে। এ সপ্তাহে ৬০ হাজার মেট্রিক টনের আরও একটি বড় জাহাজ পায়রা বন্দরে আসার কথা রয়েছে।




















