সিরাজগঞ্জ সদর উপজেলায় রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক আহত হয় এবং সকালে মিললো ঐ যুবকের চাচাতো ভাইয়ের মরদেহ ।
জানা যায়, উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি এলাকায় এ ঘটনা ঘটে। রাতে চাচাতো ভাই মোতালেব হোসেন (২৫) আহত হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন রাজমিস্ত্রি আলাউদ্দিন (২৮)। সকালে নদীর পারে একটি গাছের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পাওয়া গেল তার মরদেহ।
বুধবার (১০ মে) দুপুরে নিহত রাজমিস্ত্রি আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আলাউদ্দিন তেলকুপি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ছুরিকাঘাতে আহত মোতালেব হোসেন আলাউদ্দিনের চাচাতো ভাই এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা জেল হোসেন জানান, মঙ্গলবার (৯ মে) রাতে কে বা কারা মোতালেব হোসেনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রাতেই হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকেই মোতালেবের চাচাতো ভাই আলাউদ্দিন নিখোঁজ ছিল। বুধবার (১০ জুন) সকালে শিয়ালকোল, বহুলী ও খোকশাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় শুকিয়ে যাওয়া নদীর পাড়ে একটি গাছের সঙ্গে লুঙ্গি গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে। ছুরিকাঘাতে আহত তার চাচাতো ভাই মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















