জামালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: ইমরান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোক্তার হোসেন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এম. এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাবেক সভাপতি ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা প্রমুখ। এ সময় উপস্থিত সাংবাদিকরা জামালপুর জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ জেলার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন এবং সংবাদ প্রচারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি পাবলিক সার্ভেন্ট, আমার বেতন হয় জনগনের ট্যাক্সের টাকায়। তাই আমি জনগনের কাছে দায়বদ্ধ। আপনাদের আমাকে স্যার বলার প্রয়োজন নেই, আমাকে ভাই বলে ডাকলেই বেশি খুশি হবো। তিনি বলেন, কোন সংবাদ কে অতিরঞ্জিত না করে সাদাকে সাদা, কালোকে কালো বলার কথা বলেন এবং যে কোন প্রয়োজনে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















