নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ফ্লাট বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ কানিজ খাদিজা নিপা (৩৯) ও সায়মা আক্তার (৪০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও দুইজন বর্তমানে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া এগারোটার দিকে আড়াইহাজার বাজার এলাকায় পাঁচতলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
শনিবার বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় এই দুই নারীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নিপা ও সায়মা উভয়ের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে নিপা সকালে ও সায়মা দুপুরে মারা যান।
দগ্ধ দুইজন হলো, নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও সায়মার স্বামী সোহান তালুকদার (৪৫)।
ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ এই দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে সোহানের শরীরের ১০০ ভাগ ও হাসিনার ৫৫ ভাগ দগ্ধ হয়েছে।
জানা যায়, নিপা ও সোহান-সায়মা দম্পতি শেয়ারে ওই বাসায় ভাড়া থাকতেন। সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করেন। তার স্ত্রী সায়মা গৃহিণী ছিলেন। আর নিপার বাড়ি আড়াইহাজারের লক্ষীবরদীতে। তিনিও স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। নিপার মা শুক্রবার সন্ধ্যায় তার বাসায় বেড়াতে আসেন।
দগ্ধ সোহানের ভাগিনা ফাহিম মোল্লা জানান, আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী সায়মা। রাত ১২টার দিকে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি বাসা থেকে তাদের চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকালে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহ্জাহান হোসেন বলেন, ফ্ল্যাটের ভেতর তিনটি কক্ষ, মাঝখানে রান্নাঘর। ঘরে তিতাসের গ্যাসের লাইন ও গ্যাস সিলিন্ডার দু’টোই ছিল। তবে সিলিন্ডারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি। তবে, নিশ্চিত করে তদন্তের পরই বলা যাবে বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি ।
১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
না’গঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণ দুই নারী নিহত, দগ্ধ আরও দুইজন
-
এস.কে মাসুদ রানা, নারায়ণগঞ্জ: - প্রকাশিত : ০৬:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- 74
ট্যাগ :
জনপ্রিয়




















