পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রিসাইজ এনার্জি’র উপর পদার্থ, গণিত ও রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ান এনার্জি প্রতিষ্ঠান রোসাটমের ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এনার্জি অব দ্য ফিউচার’ এর আয়োজনে এবং পাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগিতায় এ অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এ অলিম্পিয়ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। পদার্থ, গণিত ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অলিম্পিয়ডের অংশগ্রহণ করবেন।
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, গবেষণার মাধ্যমে জ্ঞানকে নতুন রূপে উদ্ভাবন করে আমাদের সামনে যেতে হবে। প্রতিটি কাজে পূর্ব প্রস্তুতি গ্রহণ এবং সেভাবে সম্পন্ন করতে হবে। জ্ঞানের খোলা দরজা হতে জ্ঞান আহরণ করা এবং সেটি সঠিকভাবে প্রয়োগ ঘটাতে হবে। এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা প্রতিভা খুঁজে পাব, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, আমাদের ভালো কাজ করতে হবে এবং সেগুলোর প্রচারও বাড়াতে হবে। ইতিবাচক বিষয়গুলো বেশি বেশি উপস্থাপন করে সমাজকে জানাতে হবে। ইতিবাচক ভাবনা থেকেই ভালো কিছু করা সম্ভব। সেই সাথে জীবনে উন্নতি করা এবং ভবিষ্যতের পথ আরও সহজ ও সমৃণ হয়ে উঠে।
পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খায়রুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
বিজনেস বাংলাদেশ/একে




















