সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একজন স্বতন্ত্রী প্রার্থীর নির্বাচনী অফিসের বাইরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের পিশিন জেলার খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের কার্যালয়ের বাইরে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। কাকার বেলুচিস্তান নির্বাচনী এলাকার পিবি ৪৭ ও পিবি ৪৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।
ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।
বিজনেস বাংলাদেশ/একে
























