বঙ্গবন্ধুকে যারা প্রত্যক্ষভাবে খুন করেছে তাদের বিচার হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
শনিবার (৩০ জুন) বিকেল মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে যারা প্রত্যক্ষভাবে খুন করেছে তাদের বিচার হয়েছে। কিন্তু যারা পরোক্ষভাবে জড়িত তাদেরও বিচার করা দরকার
মন্ত্রী বলেন, বাংলাদেশের যেখানে যেখানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকবাহিনীর যুদ্ধ হয়েছে সেই স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ বানানো হবে। জীবিত মুক্তিযোদ্ধাদের বক্তব্য ২০ মিনিট করে রেকর্ড করা হবে যা আর্কাইভে রাখা হবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিনামূল্যে দেয়া হবে। প্রতিটি মুক্তিযোদ্ধাকে ২টা করে স্মার্ট কার্ড দেয়া হবে। একটা বড় যা বাসায় থাকবে, আরেকটা ছোট যা সঙ্গে রাখবে এবং তার মধ্যে সুবিধা গুলো লেখা থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।

























