কদিন থেকে থেমে থেমে বৃষ্টি আর ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার আশপাশের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। স্থলবন্দরের একেবারে পাশ দিয়ে বয়ে চলা কলন্দি খাল, কালিকাপুর হয়ে আব্দুল্লাপুর দিয়ে জাজি গাং, বাউতলা দিয়ে মরা গাং ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি প্রবেশের কারণে তলিয়ে যাচ্ছে ওইসব গ্রামের রাস্তাঘাট। অতি পানির তোড়ে এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের কিছু অংশ তলিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান,শনিবার রাত থেকে এসব নদী, খাল দিয়ে অতিমাত্রায় পানি ঢুকায় গ্রামের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। স্হলবন্দর কর্তৃপক্ষ জানায়,গতরাত থেকেই অধিক হারে পানি ঢুকায় বন্দরের আশপাশ পানিতে তলিয়ে গেছে। এখন পর্যন্ত রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। তবে পানি যেভাবে বাড়ছে এতে করে আখাউড়া-আগরতলা সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানান। আর এতে করে দুদেশের বাণিজ্য বন্ধ হওয়ার শঙ্কাও রয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুর রহমান বলেন, হাওড়া নদীর পানি বর্তমানে স্বাভাবিকের চেয়ে ৩০-৪০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে এখনও বিপৎসীমা পার করেনি। বর্তমানে পানি বিপৎসীমা থেকে ২ মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডিএস./




















