জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াসহ পাঁচটি হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এর আদালত শুনানি শেষে এ পৃথক পৃথক আদেশ দেন। পুলিশ পাঁচটি খুনের মামলায় তামান্নাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিল।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে ১৮ জুলাই, ৩ আগস্ট ও ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা চবি ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া, ফজলে রাব্বী, সায়মান মাহিন, তানভীর সিদ্দিকী ও শহিদুল ইসলাম শহীদকে গুলি করে ও এলোপাতাড়ি মারধর করে খুন করেন। এ ঘটনায় আসামি শারমিন আক্তার তামান্নার সম্পৃক্ততা তদন্তে পাওয়া যাচ্ছে। তাই তাকে এসব খুনের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত পুলিশের পৃথক পৃথক আবেদনের উপর শুনানি শেষে আসামি তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
গত ১১ মে চট্টগ্রামের বহদ্দারহাট বারৈইপাড়া থেকে তামান্নাকে আটক করে পুলিশ। পরে তাকে ১২ মে ৩০ দিনের ডিটেনশন দিয়ে থানা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। এখন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।প্রসঙ্গত, ঢাকা থেকে গত ১৫ মার্চ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরদিন তার স্ত্রী তামান্নার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে তিনি কাড়ি কাড়ি টাকা খরচ করে কারাবন্দি সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন।
ডিএস,.




















