নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় নিহত যুবক রাজু সরকারের মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাতে তাদেরকে ফতুল্লার লালখা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে বস্তাবন্দি নিহত রাজু সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর নিহত রাজুর বাবা মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, নিহত রাজু সরকারের বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার (৪৮)। তারা স্বপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। প্রাথমিক জিজ্ঞাসাবদে পুলিশের কাছে হত্যাকান্ডের কথা তারা স্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহত রাজু সরকার মাদকাসক্ত এবং বখাটে স্বভাবের ছিল। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত রাজু সরকার তার মা-বাবাকে চাপ প্রয়োগসহ মারধর করতো।
সোমবার রাতেও টাকার জন্য খারাপ ব্যবহার করে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে রাজু সরকার ঘুমিয়ে পড়ে। ঘুমন্তবস্থায় রাজু সরকারকে প্রথমে রুটি বানানোর কাঠের তৈরি বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে। এতে রাজু সরকার অচেতন হয়ে পরলে নিহতের বাবা শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে।
পরে রাত দুইটার দিকে হাত-পা বেধে একটি বস্তায় নিয়ে নিহতের বাবা নিজেই মাথায় করে লালখা মোস্তফার বাড়ীর গলির ড্রেনে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের বাবা নিজেই অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যার সাথে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের মা-বাবাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
ডিএস./




















