চট্টগ্রামের সীতাকুণ্ডে অসংখ্য ফেক আইডিতে সয়লাব হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এসব আইডি থেকে প্রতিনিয়ত মিথ্যা সংবাদ, কুরুচিপূর্ণ কমেন্টস ও গুজব ছড়িয়ে বিভিন্ন রাজনৈতিক-সাংবাদিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিবর্গকে হেনস্থা করা হচ্ছে। মূলতঃ ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এমন ঘটনা ঘটছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা সীতাকুণ্ড মডেল থানায় একের পর এক অভিযোগ করলেও নূন্যতম প্রতিকার মিলছেনা। এতে বাড়ছে সামাজিক জনরোষ ও বিভ্রান্তি।
অনুসন্ধানে জানা যায়, জুলাই বিপ্লবের আগে আওয়ামী সরকার কর্তৃক মামলা হামলায় জর্জরিত বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও পেশাদার সাংবাদিকরা একের পর এক মিথ্যা সংবাদ ও গুজবের শিকার হচ্ছেন। গুজবের শিকার হয়েছেন দীর্ঘ ৯ বছর বিনা সাজায় কারান্তরিন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কাজী সালাউদ্দিন, দীর্ঘ কারান্তরিন পৌর বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা আবুল হোসাইন ও কমিশনার রায়হান উদ্দিন। এছাড়াও আওয়ামী মিথ্যা ও হয়রানিমূলক একাধিক মামলার আসামী সাংবাদিক নেতা জহিরুল ইসলাম, সুলাইমান মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম বিএসসি, এম কে মনিরসহ সমাজের অসংখ্য ব্যক্তির নামে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বাদ যায়নি চট্টগ্রামের বহুল প্রচারিত পাক্ষিক উত্তর চট্টলার নির্বাহী সম্পাদক ইলিয়াছ ভূঁইয়াও।
গুজবের শুরুটা হয় “সীতাকুণ্ড নিউজ ২৪” নামে একটি পেইজ থেকে। সংবাদের আলোকে এ পেইজ থেকে একের পর এক ছাড়া হয় ফটোকার্ড ও বিভিন্ন ভিডিও কনটেন্ট। কিন্তু নাম ঠিকানাবিহীন ফেক এ পেইজটির ফটোকার্ড ও ভিডিওগুলো চরম আপত্তিকর ও গুজবে ভরা।
এই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারী “সীতাকুণ্ড নিউজ ২৪” পেইজ থেকে সীতাকুণ্ডে বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর পরিবারের ছত্রছায়ায় উপকূলীয় এলাকায় চলছে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। এরপর গত ৯ জানুয়ারী একই পেইজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছালামত উল্ল্যাহর বক্তব্য ফাঁস এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ১১ জানুয়ারী একই পেইজ থেকে সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশের ব্যানারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর ছবি না দেওয়ায় দলীয় নেতাকর্মীদের অসন্তোষ এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়।
গত ১৬ জানুয়ারী একই পেইজ থেকে সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে টেন্ডার না দিয়ে ইউএনও, উপজেলা প্রকৌশলী ও বিএনপি নেতারা মিলে ভাগবাটোয়ারা এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ৮ মার্চ একই পেইজ থেকে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ১০ মার্চ একই পেইজ থেকে সীতাকুণ্ড উপজেলায় কলেজ ছাত্রী গণধর্ষণ ঘটনার দুইদিন না যেতেই এবার নয় বছরের শিশু ধর্ষণ এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়।
গত ২৩ মার্চ একই পেইজ থেকে সীতাকুণ্ড উপকূল ব্যবহার করে ইসলামী জঙ্গী নেতা মুফতি ইজহার হারুনের নেতৃত্বে অস্ত্র খালাস করে আজ রাতে সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ৩০ মার্চ একই পেইজ থেকে ঈদকে কেন্দ্র করে সীতাকুণ্ডে মার্কেটগুলোতে চলছে ছাত্র দলের চাঁদাবাজদের রমরমা ব্যবসা এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ৩১ মার্চ একই পেইজ থেকে সীতাকুণ্ড ঈদ গাহে সরাসরি ওসিকে দেখে নেওয়ার হুমকি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়।
গত ১৫ এপ্রিল একই পেইজ থেকে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রীতি এন্টারপ্রাইজের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলাল হোসেনের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা আদায় করলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির প্রভাবশালী সদস্য মোহাম্মদ আলী এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ২০ মে @সীতাকুণ্ড নিউজ ডটকম@ পেইজ থেকে আরটিভির লোগো ব্যবহার করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতা আসলাম চৌধুরী এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। গত ২৩ মে একই পেইজ থেকে আরটিভির লোগো ব্যবহার করে সীতাকুণ্ড সাবেক এমপির পিএস গ্রেপ্তার এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়।
গত ২৩ মে একই পেইজ থেকে হজ্ব পালনের সময় প্রচন্ড গরমে সীতাকুণ্ডের বিএনপির নেতা জননেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাদে যোহর মক্কায় মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে নসিব করুক এই পোস্ট করে একটি অপপ্রচার ছড়ানো হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে গত ২ জুন একই পেইজ থেকে সীতাকুণ্ডে যুবদল নেতার নেতৃত্বে কালী ও শিব মন্দিরে বর্বর হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এই শিরোনামে একটি অপপ্রচার ছড়ানো হয়। সর্বশেষ গত ৩ জুন একই পেইজ থেকে সীতাকুণ্ডের ছলিমপুরের ছিন্নমূল এলাকায় যুবদল নেতার নেতৃত্বে গুডিয়ে দেওয়া মন্দির পরিদর্শনে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সাথে উপস্থিত মন্দির হামলার মূল পরিকল্পনাকারী বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীর পিএস দাবী করা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম (মঞ্জু) দেখে এলাকাবাসীর তীব্র খুব এই শিরোনামেও একটি অপপ্রচার ছড়ানো হয়।
এছাড়াও sitakunda Timeline, সাত সাগরের মাঝি, শাওন চৌধুরী, সিটিজি টিভি সীতাকুন্ড, নাগরিক কণ্ঠ, Shimul Hasan, Nima New Nims, মুখোশ উন্মোচন, তামিম নির্ভীক, সমুদ্র পাহাড়ে অপরূপ সীতাকুণ্ড, পর্দার আডালে, ভাঙা তরী, কিছু একটা হবে, সীতাকুণ্ডের জনপদসহ একাধিক পেইজ ও আইডি থেকে প্রতিনিয়ত মিথ্যা সংবাদ, কুরুচিপূর্ণ কমেন্টস, গুজব ও অপপ্রচার ছড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন এসব ফেক পেইজ ও আইডি ব্যবহারকারীরা।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার সদস্য জহুরুল আলম জহুর বলেন, আওয়ামী সরকার পতনের পর একাধিক ফেসবুক ফেক পেইজ ও আইডি থেকে কয়েকটি দুর্বৃত্তচক্র পরিকল্পিতভাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অসত্য, বানোয়াট মন্তব্য পোষ্ট করছে। এছাড়াও ছবি ও ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এ কাজ দুষ্টচক্রের উদ্দেশ্যপ্রণোদিত, এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরণের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদুরপ্রসারী কোন চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, বিএনপি’র ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। মিথ্যা সংবাদ, ভিডিও তৈরী ও প্রচার করা শুধুমাত্র গর্হিত কাজই নয়, এটি একটি গুরুতর অপরাধ। আমি এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোন স্থান নেই, তাই প্রযুক্তির সুযোগ নিয়ে মিথ্যার সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান বলেন, গত ৫ আগস্টের পর সীতাকুণ্ড নিউজ ২৪’ সহ একাধিক ফেসবুক ফেক পেইজ ও আইডি দ্বারা রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এই সব ফেক পেইজ ও আইডির বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও অপপ্রচারকারীদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেপ্তার করতে না পরার বিষয়টি দুঃখজনক। এসব ফেক পেইজ ও আইডি দ্রত সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরী।
এবিষয়ে জানতে চাইলে, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ফেসবুক ফেক পেইজ ও আইডি ব্যবহার করে যারা এইসব কাজ করে তারা আরো চালাক। বিষয়টির জন্য আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এখনও কোন জবাব পাইনি। যদি জবাব না আসে তাহলে আবার চিঠি দিবো। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএস./




















