কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের শুভপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশিয় অস্ত্র ও নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রিয়াজ (৪০) নামে একজনকে আটক করা হয়।
সোমবার (৩০ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের শুভপুর এলাকায় মৃত আলী মিয়ার ছেলে রিয়াজকে আটক করে সেনাবাহিনী। তাদের বাড়ির সামনে অবস্থিত একটি দোকানে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় দোকানের ভেতর চালের ড্রাম থেকে দুই হাজার ৯৫০ পিস ইয়াবা ও রিয়াজের মায়ের খাটের নিচ থেকে ৩০ লাখ টাকা এবং দেশিয় অস্ত্র দা, চাপাতি উদ্ধার করা হয়।
অভিযানকালে মো. রাশেদ (৩৫) নামে আরেকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি ঢাকার মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের মৃত শামীম মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্র বলছে, এ অভিযানের মাধ্যমে শুধু একটি বড় মাদকের চালান ধ্বংস করা হয়েছে তা নয়, বরং মাদক ব্যবসার একটি সুসংগঠিত নেটওয়ার্ক ভেঙে ফেলারও সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই অভিযানটি সফল করতে সেনাবাহিনীকে স্থানীয় সচেতন নাগরিকরা সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় এমন একটি গোপন মাদক গুদাম উন্মোচন সম্ভব হয়েছে, যা ভবিষ্যতের জন্য এক শক্তিশালী বার্তা দিচ্ছে ‘কুমিল্লা মাদকমুক্ত হতেই হবে’।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটক ব্যাক্তি, ইয়াবা, টাকা ও দেশিয় অস্ত্র আইনি প্রক্রিয়া শেষ করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা আটক ব্যাক্তি ও উদ্ধার হওয়া ইয়াবা, টাকা ও দেশিয় অস্ত্র পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হবে।
ডিএস./




















