ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্রাপাড়া মোড় সংলগ্ন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয় পুলিশ সদস্য কে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার সকালে তাদের থানা থেকে প্রত্যাহার করে সেখানে সংযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।প্রত্যাহার হওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মোঃ সাহাবুদ্দিন, মোঃ মস্তু, সাকিবুল ও মোঃ জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিগন্যালে থামায় মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশ। পরে গাড়িটিতে অবৈধ পণ্য থাকার অভিযোগ এনে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন তাঁরা। আর এই বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচার হলে আলোচনার পর বিষয়টি নিয়ে নড়েনড়ে বসে প্রশাসন।
পরে সোমবার ছয় পুলিশ সদস্যকে খাঁটিহাতা হাইওয়ে থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়। এব্যাপারে বর্তমানে ওই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনকারি উপপরিদর্শক (এসআই) মোঃ সজীব মিয়া জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয় সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। এর পর থেকে আমি ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছি।
ডিএস./




















