সীতাকুণ্ড পৌরসদরের নামার বাজার সড়কের আন্ডারপাসটি যেখানে চলাচলের সুবিধা হওয়ার কথা সেখানে হয়ে দাঁড়িয়েছে অভিশাপ। দীর্ঘ ২০ বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বর্ধিত করার সময় থেকে এ অভিশাপের যাত্রা। কম উচ্চতার এই আন্ডারপাস দিয়ে নামার বাজার সড়ককে চলাচল উপযোগী করতে তৎকালীন সময়ে সড়কের এ অংশটিকে অপেক্ষাকৃত নিচু করা হয়। অস্থায়ী সমাধানের ব্যবস্থাটি রূপান্তরিত হয়েছে স্থায়ী দূর্ভোগে। ফলে সামান্য বৃষ্টিতেই এখানে থৈ থৈ পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্ষা এলে এ সড়ক সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অথচ দীর্ঘ দুই যুগ পার হলেও এ জলাবদ্ধতা ঠেকাতে কোন কার্যকর ব্যবস্থাই করতে পারেনি পৌরসভা।
এ আন্ডারপাস হয়ে প্রতিনিয়ত যাতায়াত করে পৌরসভা, মুরাদপুর ও সৈয়দপুরের প্রায় লক্ষাধিক বাসিন্দা। গুলিয়াখালী সমূদ্র সৈকতের সড়কও এটি। ফলে পর্যটকবাহী গাড়ীসহ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। এ পথে আসা যাওয়া করতে হয় স্কুলের শিক্ষার্থী, পথচারী, কিংবা ব্যবসায়ীদের। কিন্তু জলাবদ্ধতা এ পথের পথচারী ও যানবাহনে চলাচলকারীদের চরম ভোগান্তিতে পেলে। কেবল তাই নয়, এ জলাবদ্ধতা থেকে রেহাই মেলে না স্থানীয় বাসিন্দাদের। বর্ষা মৌসুমে ঘর-বাড়ীও পানিতে তলিয়ে যায়। সরেজমিনে দেখা যায়, ব্রীজ ও সড়কের পশ্চিম পাশ দিয়ে বহু বছরের পুরনো বিশাল খালটি সংকোচিত করে ফেলা হয়েছে। আবার কয়েশ গজ পশ্চিমে গেলে ল্যাবরেটরী এলাকায় সংকোচিত খালটিও দোকান নির্মাণ করে অনেকটা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে নামার বাজারের পানি আগে খাল হয়ে সরাসরি ছড়ায় গিয়ে পড়ার যে সুযোগ ছিল তা বন্ধ করে দেয়া হয়েছে। এখন সামান্য বৃষ্টিতেই আন্ডারপাস সহ পুরো নামার বাজার এলাকা পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আওয়ামী আমলে মেয়রদেরকে ম্যানেজ করে এভাবে খাল দখল করা হয়েছে। এ খাল দখলমুক্ত না করতে পারলে নামার বাজার এলাকার পানি নিষ্কাশন সম্ভব নয়। এছাড়া আন্ডারপাসের জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষজ্ঞ প্রকৌশলীর সহযোগীতা নিলে হয়তো বিশেষ কোন ব্যবস্থা বের হতে পারে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ফখরুল ইসলাম বলেন, এটা আসলে কঠিন একটি বিষয়। আন্ডারপাসের নিচে ঢালায় করলে উপরে গাড়ী আটকে যাবে আর ড্রেনও করা যাবে না কারণ পানি চলাচলের জয়াগা নেই। সুপরিকল্পিত প্লানের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। ইতিমধ্যে আমরা সড়ক ও জনপথের প্রকৌশলীকে জানিয়েছে তিনি আন্ডারপাসটি পরিদর্শন করেছেন। শীঘ্রই একটি সমাধান পাওয়া যাবে বলে আশা করছি। এ ছাড়া নামার বাজারের পশ্চিম পাশে জলাবদ্ধতা নিরসনকল্পে সেখানকার নালার প্রতিবন্ধকতা দূর করতে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএস./




















