দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর হয়।
মোসাদের থেকে তারা স্পর্শকাতর স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া তারা সামরিক ও সরকারি অবকাঠামোতে অগ্নিসংযোগ করে সেগুলোর ভিডিও মোসাদের কাছে পাঠিয়েছেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি নিয়েছেন।
তাসনিম নিউজ জানিয়েছে, অভিযুক্তদের নতুন করে তেহরানের দুটি সরকারি অফিস এবং সামরিক কেন্দ্রে হামলার মিশন দেওয়া হয়। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি চালানো হয়।
গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তীতে ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ইউনিট।
সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন একটি সূত্র। কারণ ট্রাম্পের অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের।
সূত্র: তাসনিম নিউজ
ডিএস./






















