ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দফতরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক তিনটি পত্র সম্প্রতি জারি করা হয়েছে।
জানা গেছে, গত ১ জুলাই ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন উক্ত তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবিতে লিখিত আবেদন করেন। তার এই আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় দফতরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার ফাতেমা-মতিন মহিলা মহাবিদ্যালয়, চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়—এই তিনটি প্রতিষ্ঠানকে সরকারি করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, উল্লিখিত প্রতিষ্ঠানগুলো সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্য দফতরকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিষ্ঠানগুলো সরকারি হলে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। ফলে চরফ্যাশন ও মনপুরা অঞ্চলের শিক্ষার্থীরা আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ লাভ করবে।
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সামছুদ্দিন টিপু বলেন, “স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার অপেক্ষায় রয়েছে। এমন উদ্যোগে ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়নের প্রতি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি করার প্রক্রিয়ায় নির্ধারিত নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ধাপ সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডিএস/


















