এ. কে. স্কুল অ্যান্ড কলেজে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা থেকে তিন দিনব্যাপী একটি বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ঢাকার দনিয়ায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উৎসবমুখর পরিবেশে মেলাটির শুভ উদ্বোধন করা হয়।
বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রজেক্ট, দেয়ালপত্রিকা ও স্ক্র্যাপবুক প্রদর্শন করছে। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেন এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি হাজী মো. মাসুদ আলী এবং চিফ মডারেটর মো. সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার সহকারী প্রধান শিক্ষক, ইনচার্জ, কো-অর্ডিনেটর, মডারেটর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন অতিথি ও শিক্ষকরা। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনের প্রতি তাদের আগ্রহ বাড়াবে।
ডিএস./

























