ডিসি মোঃ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে এক দিনে এক লক্ষ বৃক্ষরোপণের অনন্য রেকর্ড গড়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলার ১৫টি উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। সর্বশেষ সীতাকুণ্ডের ডিসি পার্কে একটি নারকেলগাছ রোপণের মধ্য দিয়ে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে ডিসি পার্কে সফল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পদমর্যাদায় থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ।
স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা এক দিনে এক লাখ বৃক্ষরোপণের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। পৃথিবীতে যত ল্যান্ডমার্ক স্থাপিত হয়েছে, তার সবগুলোই ছিল চ্যালেঞ্জিং।
তিনি বলেন, সরকারি কোনো অর্থ ব্যয় না করে শুধু সহকর্মীদের সহযোগিতায় এক লক্ষ বৃক্ষরোপণের এই ল্যান্ডমার্ক স্থাপন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক বিনা খরচে সবুজায়নের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা দেশের অন্যান্য জেলা প্রশাসকের জন্য অনুকরণীয়। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বৃক্ষ কাটতে হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে একই স্থানে একাধিক বৃক্ষ রোপণ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, এডিসি (এল এ) মোঃ কামরুজ্জামান, এডিসি (সার্বিক) শরীফ উদ্দিন, এডিসি (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহাকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, চিত্তমিডিয়ার কর্ণধার ও প্রধান কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা, এনডিসি এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ডিএস./



















