ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই হুমকি চিরতরে নির্মূল করতে হবে। ইসরায়েলের মাথার ওপর থেকে এই অস্তিত্বগত হুমকি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। এ সময় দেশে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
নেতানিয়াহুর অভিযোগ, ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইরানের শাসকগোষ্ঠী। একই সঙ্গে তারা আবারও নিজেদের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
তার দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুনরায় শুরু করতে এবং পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারলে তেহরান এই কর্মসূচি আরও এগিয়ে নেবে।
ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা প্রকাশ করে নেতানিয়াহু বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করতে দ্বিধা করেনি। তাই ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও তারা পিছপা হবে না।
তিনি বলেন, বিষয়টি সবার কাছে স্পষ্ট থাকা দরকার, নিজ দেশের বহু মানুষকে হত্যা করতে যে শাসকগোষ্ঠী দ্বিধা করেনি, তারা ইসরায়েলের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না।
ডিএস./



















