স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।
পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য গণমাধ্যমকে জানান, রোববার বিকেলে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন। পরিবারের ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান। এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় থেকে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কোনো শারীরিক অসুস্থতার জন্য নয়, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ঢাকার একটি হাসপাতালে এনজিওগ্রাম করিয়েছেন৷ দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার শারীরিক কোনো জটিলতাও নেই৷ রোববার হাসপাতাল থেকে অবমুক্ত হবেন বলে আশা করা যাচ্ছে৷
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
ডিএস./



















